কুলাউড়ায় রাতের আঁধারে ২০০ গাছ কেটে ফেলার অভিযোগ, থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : ১২/০৭/২০২৬ ০৬:২৬:০৬ PM

Share
7

মৌলভীবাজারের কুলাউড়ায় রাতের আঁধারে বাগানের প্রায় ২০০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুষাইনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জয়চন্ডী ইউনিয়নের পুষাইনগর গ্রামের মৃত সুধাংশু চন্দ্র দেবের ছেলে মিলন চন্দ্র দেব (৫৫), অপু চন্দ্র দেব (৫০), অজয় চন্দ্র দেব (৪৬) এবং মিলন চন্দ্র দেবের স্ত্রী লিপন দেবকে (৪৫) অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুষাইনগর গ্রামের রেহানা বেগমের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী রেহানা বেগম জানান, কুলাউড়া উপজেলার মীরশংকর মৌজার জে এল নং-৬৭, খতিয়ান নং-৮৪১, দাগ নং-৬৯৮৪ ও ৬৯৮৫-এর প্রায় ৪১ শতক জমি ভিপি মামলা (মোকদ্দমা নং-০১/৮৪-৮৫) সূত্রে খাজনা পরিশোধ করে তিনি ভোগদখল করে আসছেন। প্রায় পাঁচ বছর আগে ওই জমিতে আকাশিসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।

তার অভিযোগ, গত ৮ জুলাই রাতে ওই জমিতে থাকা ছোট-বড় প্রায় ২০০টি গাছ কেটে ফেলা হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে অভিযুক্তদের দাবি, জমিটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। উত্তরাধিকারী সনদ সংক্রান্ত জটিলতার কারণে জমি রেজিস্ট্রির বিষয়টি সম্পন্ন হয়নি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৭-১২ ১৮:২৬:০৬