বাবার দাবি ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’; মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে

জৈন্তাপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

  • প্রকাশের সময় : ১২/০৭/২০২৬ ০৬:১৯:১৭ PM

Share
8

সিলেটের জৈন্তাপুর উপজেলায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম ফারজানা আক্তার শিমু (২৩)। তিনি উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের রূপচেং উত্তর মহল্লার বাসিন্দা।

শনিবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে রূপচেং গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্বামী রাসেল আহমদ (২৮) ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বাবা সেলিম আহমদ অভিযোগ করেন, প্রায় ছয় মাস আগে রূপচেং উত্তর মহল্লার মৃত সামসুল ইসলামের ছেলে রাসেল আহমদের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবি, মানসিক নির্যাতন এবং বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজন শিমুর ওপর চাপ প্রয়োগ করতেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, ইফতারের সামগ্রী, সম্প্রতি দেওয়া আম-কাঁঠাল এবং বাড়ি নির্মাণে অর্থ সহায়তা নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে শিমুর পারিবারিক বিরোধ চলছিল।

পরিবারের সদস্যরা জানান, গত ৬ জুলাই শিমুকে চিকিৎসার জন্য জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দুই পরিবারের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে শিমু অসুস্থ অবস্থায় বাবার বাড়িতে চলে যান। পরে ১০ জুলাই উভয় পরিবারের সম্মতিতে তাকে আবার স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হয়।

নিহতের পরিবারের ভাষ্য, শনিবার সকালে শিমুর স্বামী রাসেল ফোন করে জানান, শিমু ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়েছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৭-১২ ১৮:১৯:১৭