মৌলভীবাজারে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গত মঙ্গলবার থেকে জেলাজুড়ে এই অবিরাম বর্ষণ অব্যাহত রয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জেলার প্রধান প্রধান নদ-নদীর পানি হু-হু করে বাড়ছে, যা জেলাজুড়ে আকস্মিক বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি করছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজারসহ সিলেট বিভাগের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং উজানের পাহাড়ি ঢলে নদ-নদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আজ বুধবার সকাল ৯টার সর্বশেষ তথ্য অনুযায়ী, জুড়ী নদীর পানির স্তর আগের চেয়ে অনেকটাই বেড়েছে; বর্তমানে নদীটি বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারা নদীর মৌলভীবাজারের শেরপুর অংশে পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধলাই নদের পানিও ক্রমাগত বেড়ে বিপৎসীমার বেশ কাছাকাছি অবস্থান করছে।
সার্বিক পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ বলেন, “জেলাজুড়ে বৃষ্টিপাত ও ঢল অব্যাহত থাকায় আমরা সম্ভাব্য আগাম বন্যার প্রস্তুতি নিয়ে রেখেছি। নদ-নদীর পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী যেহেতু আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
সিলেটপ্রেস প্রতিবেদক




















