সিলেটের মোগলাবাজার-ঢাকাদক্ষিণ পাহাড় লাইন সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় দুই বছর ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের ওপর সাময়িকভাবে জোড়াতালি দিয়ে চলাচল সচল রাখার চেষ্টা করা হলেও স্থায়ী সংস্কার না হওয়ায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সড়কের গর্তগুলো পানিতে তলিয়ে যায়। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও জরুরি সেবার যানবাহন চলাচলে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিনেও সড়কটির টেকসই সংস্কার না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সিলেটপ্রেস প্রতিবেদক



















