চাকরির পরীক্ষা শেষে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার পর, সিলেটের জকিগঞ্জ উপজেলার তরুণ মাহবুব সারওয়ার রাজন (২৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় রাজনের পরিবার ও পুরো জকিগঞ্জ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের বাসিন্দা রাজন একটি চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন। পরীক্ষা সম্পন্ন করে গত শনিবার রাতে তিনি ট্রেনযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বিভিন্ন স্থানে তার সন্ধান করতে থাকেন।
একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অজ্ঞাতপরিচয় মরদেহের ছবি দেখে স্বজনরা তাকে রাজন হিসেবে শনাক্ত করেন। পরে নিখশ্চিত হওয়া যায় যে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটিই রাজনের।
রাজনের এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মাঝে চলছে মাতম। গন্ধদত্ত গ্রামসহ পুরো জকিগঞ্জ জুড়ে নেমে এসেছে শোকের আবহ।
রাজনের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
সিলেটপ্রেস প্রতিবেদক




















