সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে এক ক্রেতার বিরুদ্ধে। শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বিবিরাই বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম আলী হোসেন (৩৮)। তিনি বিয়ানীবাজার উপজেলার বিবিরাই বাজারের ব্যবসায়ী এবং বিবিরাই পশ্চিমপাড় গ্রামের নজির উদ্দিনের ছেলে।
অভিযোগ উঠেছে, একই গ্রামের ময়না মিয়ার ছেলে শাহিনুর রহমান (৩৩) আলী হোসেনের দোকানে ডিজেল কিনতে যান। এ সময় দোকান মালিক তার কাছে আগের বকেয়া টাকা পরিশোধের জন্য চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উত্তেজিত হয়ে শাহিনুর রহমান আলী হোসেনের নাকে ঘুষি মারেন বলে জানা গেছে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, ঘটনার পর অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক:




















