সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে প্রতারণা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় যুক্তরাজ্য প্রবাসী ওই নারীকে লন্ডনগামী ফ্লাইটে ওঠার আগে আটক করা হয়।
গ্রেফতারকৃত নারী হলেন মাকসুদা চৌধুরী (৫৬)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার রাউটগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, মাকসুদা চৌধুরী সিলেট কোতোয়ালি মডেল থানার একটি জিআর মামলার এজাহারভুক্ত আসামি। মামলা নম্বর-০৩/৩৩৮, তারিখ ১ জুলাই ২০২৬।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG201 ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান তিনি। এ সময় ইমিগ্রেশন যাচাই-বাছাইয়ে তার বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়। পরে ইমিগ্রেশন পুলিশ তার বিদেশ যাত্রা স্থগিত করে তাকে আটক করে।
পরবর্তীতে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ জিডি (নং-৮১, তারিখ ১২/০৭/২০২৬) মূলে তাকে কোতোয়ালি থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, জমি বিক্রির কথা বলে মাকসুদা চৌধুরী এক কোটি ২৩ লাখ টাকা গ্রহণ করেছেন। অভিযোগকারীর দাবি, টাকা নেওয়ার পরও তিনি জমির দলিল সম্পন্ন করেননি এবং টাকা ফেরত দেননি।
অভিযোগ সূত্রে জানা যায়, সিলেটের আম্বরখানা এলাকার একটি জমি ক্রয়ের বিষয়ে আলোচনা শেষে মূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ২৩ লাখ টাকা। পরে ক্রেতা পক্ষ ব্যাংকের মাধ্যমে ১ কোটি ১৫ লাখ টাকা এবং চেকের মাধ্যমে আরও ৮ লাখ টাকা পরিশোধ করে।
অভিযোগে আরও বলা হয়, টাকা গ্রহণের পর দলিল রেজিস্ট্রির প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে জমির দলিল সম্পাদন না করে তিনি স্থান ত্যাগ করেন। পরে টাকা ফেরত ও দলিল সম্পন্ন করার অনুরোধ করা হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগকারীর দাবি।
এ ঘটনায় অভিযোগকারীর পক্ষ থেকে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারণা মামলায় ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক:




















