সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
গত ৩০ জুন রাত ১২ টা থেকে ১ জুলাই সকাল ৮ টা পর্যন্ত পরিচালিত এই ৩২ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, অবৈধ হকার, চোরাচালানকারী এবং মেট্রো অধ্যাদেশে অভিযুক্ত সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ হাজার ৯৬০ পিস ভারতীয় চকলেট উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।এদিকে মহানগরের সড়ক শৃঙ্খলায় একই সময়ে ট্রাফিক বিভাগও বিশেষ অভিযান পরিচালনা করেছে। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং আরও ৭৭টি যানবাহন আটক করা হয়েছে।সব মিলিয়ে মোট ১৬৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক:



















