টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সিলেট বিভাগের তিন জেলাসহ দেশের ১১টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বন্যাকবলিত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসাসেবা এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করছে বিজিবির সদস্যরা।
রোববার (১২ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, দেশের বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, এসব জেলার মোট ৯০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিজিবি। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার অভিযান, ত্রাণ সহায়তা ও জরুরি মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবি জানায়, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে জীবন রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দিতে প্রস্তুত রয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে জনগণের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও চিকিৎসাসহ মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
স্টাফ রিপোর্টার



















