কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ

  • প্রকাশের সময় : ০৯/০৬/২০২৬ ০৪:৫৪:৪৮ PM

Share
10

কুয়েতে গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে নতুন সার্কুলার জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবশেষ নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ১০টি দেশ থেকে গৃহকর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এবং আবেদন প্রক্রিয়া গভর্নরেটভিত্তিক সেবা কেন্দ্রের মাধ্যমে সম্পন্ন করা হবে।


অনুমোদিত দেশগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ আফ্রিকা, বেনিন, সেনেগাল (শুধু পুরুষ কর্মী), ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, ভারত, ভিয়েতনাম এবং নেপাল।

অন্যদিকে, নতুন তালিকায় ২৭টি দেশ থেকে গৃহকর্মী নিয়োগ নিষিদ্ধ রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ারের সুপারিশ ও মূল্যায়নের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শুধুমাত্র নারী গৃহকর্মীদের জন্য প্রযোজ্য।


কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপের মাধ্যমে গৃহকর্মী নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি, শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং নিয়োগ প্রক্রিয়াকে আরও কার্যকর করা সম্ভব হবে। একইসঙ্গে নিয়োগকারী ও কর্মীদের অধিকার সুরক্ষায় নতুন নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন।

বাংলাদেশ থেকে দীর্ঘদিন থেকে সরকারিভাবে নারী গৃহকর্মী প্রেরণ বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। কিন্তু পুরুষ গৃহকর্মী, দারোয়ান, বাবুর্চী, ড্রাইভারসহ বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমিকরা যাচ্ছেন কুয়েতে। বর্তমানে প্রকাশিত অনুমোদিত দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকায় কুয়েতে গৃহকর্মী পাঠানোর বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে কুয়েত ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ভবিষ্যতে কোনো সমঝোতা বা নতুন সিদ্ধান্ত আসার অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের।

আবার অনেকে মনে করছেন, নতুন অনুমোদিত দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকার ফলে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের বিষয়ে হয়তো পূর্বের অবস্থানেই রয়েছে কুয়েত সরকার।


এদিকে সবশেষ প্রতিবেদনে ১০টি অনুমোদিত দেশের কথা উল্লেখ থাকলেও, ২৭টি নিষিদ্ধ দেশের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি। কিছু কিছু দেশের ক্ষেত্রে শুধু মহিলা গৃহকর্মীদের আনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।


কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ারের (পিএএম) যৌথ সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সিলেট প্রেস / এস


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-০৯ ১৬:৫৪:৪৮