হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোনা নামক স্থানে বাসচাপায় স্কুলছাত্র সিজান মিয়া (১১) নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিজান মিয়া তিতারকোনা গ্রামের কবির মিয়ার ছেলে এবং মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে।
এতে করে উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্কুল ছুটি হওয়ার পর বাইসাইকেলে বাড়ি ফিরছিল সিজান মিয়া। ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোনা মোড়ে আসা মাত্রই ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় জনতা রাস্তা অবরোধ করলে বাহুবল উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং বিকেল ৫টায় যানচলাচল স্বাভাবিক হয়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, বাসটি আটক করা হলেও ঘাতক পালিয়ে গেছে। নিহত শিশু সিজান মিয়ার লাশ উদ্ধার করে হবিগঞ্জ-২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সিলেটপ্রেস প্রতিবেদক




















