বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও প্রত্যাহার দাবি জানিয়েছেন সিলেট সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : ১৭/০৬/২০২৬ ০১:৪৮:০৮ AM

Share
3

বগুড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে সংবাদ প্রকাশের জেরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গতকাল এক যৌথ বিবৃতিতে সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলার বারুদ-এর নির্বাহী সম্পাদক বাবর হোসেন এবং সাধারণ সম্পাদক ও দ্যা ডেইলী এশিয়ান এইজ ও দৈনিক সকালের সময়-এর ব্যুরোচীফ আব্দুল হালিম সাগরসহ ক্লাবের নেতৃবৃন্দ প্রতিবাদ জানান।

​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তথ্য ও সত্য প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের এই সংস্কৃতি স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার শামিল। ভয়ভীতি বা মামলার ভয় দেখিয়ে সাংবাদিকদের কলম স্তব্ধ করা যাবে না। সংক্ষুব্ধ পক্ষের কোনো আপত্তি থাকলে তারা প্রেস কাউন্সিলে যেতে পারতেন, তা না করে সরাসরি আদালতে মামলা করা অত্যন্ত উদ্বেগজনক।
​উল্লেখ্য, গত সোমবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দৈনিক মহাস্থান-এর সম্পাদক তানভীর আলম বাদী হয়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার ও বগুড়া প্রতিনিধি শামসুল আলমের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করতে বগুড়া সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

​নেতৃবৃন্দ স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা এই কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশের সাংবাদিক সমাজকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এবং এর ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-১৭ ০১:৪৮:০৮