দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে পুনরায় ডাকাতের হানা

  • প্রকাশের সময় : ১০/০৬/২০২৬ ১০:১৯:০১ PM

Share
2

সিলেটের দক্ষিণ সুরমার তেঁতলী ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে অস্ত্রধারী একদল ডাকাত হানা দিয়েছে। একমাসে দুইবার ডাকাত দলের হানায় আতঙ্কিত প্রবাসীর পরিবারসহ এলাকাবাসী। 

গতকাল মঙ্গলবার (৯ জুন) দিনগত ভোর রাতে একদল ডাকাত তেঁতলী ইউনিয়নের লালারগাঁ গ্রামের মোকামবাড়ীর যুক্তরাজ্য প্রবাসী রাজু ইসলামের বাড়িতে পুনরায় হানা দেয় মুখোশ পড়া ডাকাত দল।

রাজু ইসলামের ছোটভাই প্রথমবার ডাকাতির সময় গুরুতর আহত হাফিজ মো. মাহিদুল ইসলাম জানান, গত ১৯ মে ভোর রাতে আমাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রধারী ৭/৮ জনের ডাকাত দল প্রথমে বাড়ির গ্রীলের তালা ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। মহিলা ও শিশুসহ সবাইকে মারধরের পর জিম্মি করে মোবাইল, স্বর্ণালংকার, কোরবানির গুরু কেনার টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট করে। এক সময় গ্রামবাসী ডাকাতির বিষয়টি বুঝতে পেরে ধাওয়া দিলে ডাকাতরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। সে ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা হলে (মামলা নং-) পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

তিনি দুহাতের ব্যান্ডেজ দেখিয়ে আরো বলেন, সেদিন প্রতিহতের চেষ্টা করলে আমাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এখন পর্যন্ত চিকিৎসাধীন আছি। প্রথমদিনের ডাকাতির সাথে দ্বিতীয়বারের ডাকাতদলের যোগসূত্র রয়েছে কি না তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা উচিত বলে তিনি মনে করেন। 

প্রবাসী রাজু ইসলাম পরিবার নিয়ে আতঙ্কে আছেন জানিয়ে বলেন, ডাকাতির খবর শোনে গত ৩০ মে দেশে আসি। প্রথমবার ডাকাতির রেশ কাটতে না কাটতে গতকাল মঙ্গলবার দিনগত ভোর রাতে ৭/৮ জনের ডাকাত দল পুনরায় বাড়িতে হানা দেয়। তখন আমরা জেগে থাকায় বাড়িরে নড়াচড়ার শব্দ শুনে বের হই। মুখোশ পরা ডাকাতদের দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসাতে দেখে ডাকাতরা প্রথমদিনের মত গুলি ছুঁড়ে পালিয়ে যায়। তার আগে ডাকাতরা ওয়াইফাই লাইন কেটে দেয়। 

তিনি আরো বলেন, মাননীয় এমপি এমএ মালিক সাহেবের পার্শ্ববর্তী গ্রামে বারবার ডাকাতের হানা দেয়ায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইন-শৃঙ্খলা বাহিনীসহ এমপি মহোদয়ের কাছে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে দ্রুত ব্যবস্থা গ্রহণে তিনি আহবান জানান।  

খবর শোনে বাড়িতে উপস্থিত হন-
গ্রামের সিনিয়র মুরব্বি ও সালিশি ব্যক্তিত্ব জামাল খান, বিশিষ্ট মুরব্বি আব্দুল হাফিজ, ইউপি বিএনপি নেতা ইলিয়াস খান, আব্দুল হক সহ গ্রামবাসী। তারা সকলে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর বাড়ির পাশের ইউনিয়নের এমন ঘটনার বিস্ময় প্রকাশ করেন। ডাকাত দলকে দ্রুত গ্রেফতারে সরকারের সুদৃষ্টি কামনা করেন। 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) বলেন- অপরাধ দমনে টহল পুলিশের টিম বাড়ানো হয়েছে। আর গ্রামের অনেক রাস্তা ভাঙ্গা থাকায় টহল পুলিশ ভেতরে যেতে পারেনা। সেক্ষেত্রে এলাকার যুবসমাজকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাহারার ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-১০ ২২:১৯:০১