হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করে ফেরার পথে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চাপায় প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী ও শিশু এবং তিন পুরুষ ঘটনাস্থলেই প্রাণ হারান।
বৃহস্পতিবার (২ মে) ভোর রাতে উপজেলার শাহপুর হরিতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নিহতদের পরিচয় মিলেনি।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মনতোষ মল্লিক এতথ্য নিশ্চিত করে জানান, রাতে সিলেট থেকে ঢাকামুখী প্রাইভেটকারটিকে একটি ট্রাক চাপা দিয়ে উল্টে যায়। এতে কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজন পুরুষ এবং এক নারী ও শিশু ঘটনাস্থলেই মারা যান।
মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িগুলোকে জব্দ করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করীম জানিয়েছেন, নিহতদের বাড়ি বরিশাল জেলায়। তারা রাজধানী ঢাকার সাভার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে আসছিলেন। তারা একটি গার্মেন্টসে চাকরি করতেন। শাহজালাল-শাহপরাণ রাহ. এর মাজার জিয়ারতের জন্য পরিবারের সবাই মিলে প্রাইভেটকারে সিলেট যান। ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান।
সিলেটপ্রেস প্রতিবেদক




















