ঝালমুড়িতেই ছাদেকের আয় লাখ টাকা

  • প্রকাশের সময় : ০২/১২/২০২৩ ০১:১৯:৪০ AM

চুনারুঘাট পৌর শহরের মাদ্রাসা মার্কেটের সামনে মুড়ি বানানোয় ব্যস্ত ছাদেক

Share
50

চুনারুঘাট পৌর শহরের মাদ্রাসা মার্কেটের আলহেরা ফার্মেসির সামনের রাস্তার মুখে টেবিল পেতে বসেন ধলাইপাড় এলাকার বাসিন্দা ছাদেক মিয়া। তাতে সাজানো চানাচুর, কাঁচা ছোলা, সেদ্ধ ছোলাসহ ঝালমুড়ি বানানোর হরেক রকম মসলা। এক ঝালমুড়িতেই নিজের ভাগ্য বদলে ফেলেছেন ধলাইপাড়ের এ যুবক। যার মাসে আয় এখন দেড় লাখ টাকা। সেখানে গিয়ে দেখা যায়, ছাদেকের টেবিল ঘিরে দাঁড়িয়ে আছেন ক্রেতারা। তাদের চাহিদামতো মুড়ি বানিয়ে দিচ্ছেন ছাদেক। ছাদেকের ঝালমুড়ি পেতে ক্রেতাদের দাঁড়াতে হয় সিরিয়ালে।

প্রতিদিন এ সড়কে হাজারো মানুষের সমাগম ঘটে। সন্ধ্যার পর ভিড় বেড়ে যায় কয়েক গুণ। এ মার্কেটের সামনে রয়েছে ছোট-বড় অনেক ফাস্টফুডের দোকান। সবকিছু ছাপিয়ে সবার আগ্রহের কেন্দ্র হয়ে ওঠে ছাদেকের ঝালমুড়ির দোকান। উপজেলা ও জেলার বাইরে থেকেও অনেকেই চুনারুঘাট আসেন ছাদেকের ঝালমুড়ি খেতে। তাঁর প্রতি প্লেট মুড়ির দাম বিশ টাকা। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ বেচাকেনা। পথচারীসহ সবাই অল্প টাকার মুখরোচক সব ঝালমুড়ির স্বাদ নিতে পারেন।

সমকালের প্রতিবেদককে আত্ম-উদ্যোগী ছাদেক জানান, শুধু বিকেলে মুড়ি বিক্রি করেন তিনি। তাঁর বেচাকেনা হয় দৈনিক প্রায় ৫ হাজার টাকা। মাসে আয় দেড় লাখ টাকার মতো। এই মুড়ি বিক্রি করে তিনি বাড়িতে কিছু জমিও কিনেছেন। সেখানে পাকা দালান দেওয়ার স্বপ্ন এখন।

ছাদেক মিয়া আগে কৃষিকাজ করতেন। ১৫ বছর ধরে মুড়ি বিক্রি করছেন। এখন তাঁর ঝালমুড়ির ব্যবসা জমজমাট। ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়। উৎসবের দিনগুলোতে চাপ আরও বেড়ে যায়। ১০ হাজার টাকা পুঁজি নিয়ে এ ব্যবসা শুরু করেছিলেন তিনি।

ছাদেক জানান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। বড় মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ছে। এ পেশার আয় দিয়ে তিনি ছেলেমেয়েকে পড়ালেখা করাচ্ছেন। ছাদেক মিয়ার দোকানে একজনের কর্মসংস্থানও হয়েছে। তাঁর প্রতিদিনের মজুরি ৩০০ টাকা। মুড়ি তৈরি করতে হয় ছাদেককেই।

ছাদেক মিয়ার দোকানে মুড়ি খেতে আসা খাদিজা ও তাঁর ছেলে তৌসিফ জানান, তারা ছাদেক মিয়ার নিয়মিত ক্রোতা। বিকেলে ছেলেকে নিয়ে ঝালমুড়ি খেতে মন চাইলে ছাদেকের কাছেই হাজির হন।

একসময় ছাদেকের স্বল্প উপার্জনের সংসারে ছিল দৈন্যদশা। প্রথমদিকে কোনোমতে দিন কাটলেও পরিশ্রম ও একাগ্রতা দিয়ে জয় করে নিয়েছেন হাজারো ভোক্তার মন।


সিলেট প্রেস / ০২ ডিসেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১২-০২ ০১:১৯:৪০