হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দালাল সহ রোহিঙ্গা নারী আটক

  • প্রকাশের সময় : ২২/১০/২০২৩ ০৬:৪২:৫১ AM

ছবি- সংগৃহীত

Share
81

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে রোজিনা ওরফে রোকেয়া আক্তার (১৮) নামের এক রোহিঙ্গা নারী ও আমানুর রশীদ মাহি (২৬) নামে এক দালালকে আটক করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) সকাল ১১ টার দিকে জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়। আটককৃত রোকেয়া আক্তার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মাহি হবিগঞ্জ পৌরসভার রাজনগর এলাকার হারুনুর রশীদের ছেলে।

বিষয়টি পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ জেলা প্রশাসনে অবগত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ওই রোহিঙ্গা নারীর প্রকৃত পরিচয় জানা যায়। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।

হবিগঞ্জ মডেল থানার এসআই কৃষ্ণধন সরকার জানান, আটককৃত রোকেয়া ও মাহির বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে।

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, রোকেয়া আক্তার ভুয়া পরিচয় ব্যবহার করে পাসপোর্ট করতে আসেন। তার আচরণবিধি আমাদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। 

দালালের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হবিগঞ্জ পাসপোর্ট অফিসকে দালাল মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। একজন্য অফিসের প্রবেশ গেইটে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো দালাল এখানে ঢুকে, তাকে আটক করে পুলিশে সোপর্দ করাই আমাদের একমাত্র লক্ষ্য। যার ফলশ্রুতিতে আজ রোহিঙ্গা নারী ও তার সাথে আসা একজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।


সিলেট প্রেস / ২২ অক্টোবর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-২২ ০৬:৪২:৫১