চার্জিংয়ের সময় মোবাইল ব্যবহার কতটা বিপজ্জনক? মিজানের করুণ মৃত্যুই তার প্রমাণ

  • প্রকাশের সময় : ১৫/০৬/২০২৬ ১১:০২:১৬ PM

Share
10

ঢাকার আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে আহত ব্যবসায়ী মিজানুর রহমান (৪৫) মারা গেছেন। রোববার (১৪ জুন) বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।


মিজানুর রহমান ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নোয়াপাড়ার সিদ্দিক ভেণ্ডার বাড়ির বাসিন্দা। তিনি আশুলিয়ায় আলীমের বাসায় ভাড়া থেকে সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করতেন।


এর আগে, শনিবার (১৪ জুন) গভীর রাতে দুটি মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় চালানোর সময় আশুলিয়ার রশিদ মার্কেটসংলগ্ন এলাকার আলীমের ভাড়া বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে মারাত্মক আহত হন মিজান। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৪ জুন রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান প্রতিবেশীরা। এ সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে মিজানের কক্ষের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। এ সময় কক্ষের আসবাবপত্রের কিছু অংশ পুড়ে যায়। মোবাইলের পোড়া কিছু অংশ রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল।


নিহতের স্বজন শওকত ওসমান সুজন জানান, মিজানুর রহমান ঢাকায় ছোটখাটো ব্যবসা করার সুবাদে ভাড়া বাসায় একা থাকতেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, তিন কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মিজানের মরদেহ সোমবার (১৫ জুন) এলাকায় এনে দাফনের কথা রয়েছে।


এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মিজানুর রহমান দুটি মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ মোবাইল ফোন বিস্ফোরিত হলে তিনি দগ্ধ হন।



সিলেট প্রেস / এস


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-১৫ ২৩:০২:১৬