পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১৫/০৬/২০২৬ ০৫:৫২:২৮ PM

Share
5

পুত্রবধূর পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়ি নমিতা রানীকে (৬০) শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান আসামি কামাল পঞ্চায়েতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।


রোববার (১৪ জুন) গভীর রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার কামাল পঞ্চায়েত (৫৫) একই জেলার ইন্দুরকানি উপজেলার দক্ষিণ চন্ডিপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে।


এর আগে, এ ঘটনার সঙ্গে জড়িত পুত্রবধূসহ দুজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ নিয়ে নমিতা হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


র‍্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা কামাল পঞ্চায়েতকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরের দিকে তাকে ইন্দুরকানি থানায় হস্তান্তর করা হয়েছে।


হত্যা মামলার বরাতে র‍্যাবের এই কর্মকর্তা জানান, অভিযুক্ত কামাল পঞ্চায়েতের সাথে নমিতা রানী পালের পুত্রবধূ বন্যা রানী পালের (৩২) দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। পরকীয়ার সূত্র ধরে প্রায়ই কামাল পঞ্চায়েত তাদের বাড়িতে আসা-যাওয়া এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন।


তাদের অবৈধ সম্পর্ক জেনে যাওয়ার পর এতে বাধা দেন বন্যা রানী পালের শাশুড়ি নমিতা ও শ্বশুর রাধেশ্যাম চন্দ্র পাল। এতে ক্ষুব্ধ হয়ে তাদের হত্যার পরিকল্পনা করেন পরকীয়া প্রেমিক কামাল পঞ্চায়েত ও পুত্রবধূ বন্যা।

গত ২৮ মে বন্যা রানীর শ্বশুর রাধেশ্যাম চন্দ্র পাল চন্ডিপুর বাজারে যান। সেই সুযোগে কামালসহ অভিযুক্তরা বিকেল পৌনে ৬টা থেকে রাত ৮টার মধ্যে যেকোনো সময় নমিতাকে চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে তার নিজ বসতঘরের বারান্দায় শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নমিতার স্বামী রাধেশ্যাম বাদী হয়ে ইন্দুরকানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর পুত্রবধূ বন্যা রানীসহ দুজনকে গ্রেপ্তার করে জিয়ানগর থানা পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকে র‍্যাব-৮ সদস্যরা ছায়া তদন্ত শুরু করে। তবে চতুর অপরাধী কামাল ঘটনার পর পরই এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং একাধিকবার তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। পরে র‍্যাব-৮ সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


সিলেট প্রেস / এস


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-১৫ ১৭:৫২:২৮