হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরে ডুবে মোঃ মুবিন নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি'র যাত্রাপাশা (নাপিত পাড়া) গ্রামের মোঃ তোফাজ্জুল মিয়ার পুত্র। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের এক পাড়ে বসিয়ে বাবা অন্য পাড়ে প্রায় ১০০ গজ দূরে প্রকৃতির কাজ সাড়তে যান। এসে দেখেন শিশুটি পুকুর পাড়ে নেই। এই সুযোগে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের সিঁড়িঘাটে এসে জুতা রেখে পুকুরে নেমে যায়। তৎক্ষনাৎ বাবা চিৎকার দিয়ে আমার ছেলে ছেলে বলে অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ চোখে পড়ে পুকুরের সিঁড়িঘাটে বাচ্চার জুতা। এরই সূত্র ধরে পুকুরে খোঁজাখুঁজি পর শিশুটিকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।
পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুবিয়োগে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।




















