সিলেটে প্রশাসনকে ম্যানেজ করে চলছে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের মহোৎসব

  • প্রকাশের সময় : ১২/০৭/২০২৬ ১২:১০:৪০ PM

Share
8

সিলেট নগরীর মদিনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার তীব্র অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।


অভিযুক্ত ওই ব্যক্তির নাম জুনেদ আহমদ। তিনি মদীনা মার্কেট নূর মোহাম্মদ রোড এলাকার মৃত আব্দুল মোছব্বিরের পুত্র এবং স্থানীয় যুবলীগের রাজনীতিতে সক্রিয় বলে জানা গেছে।


স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জুনেদ আহমদ তার নিজস্ব শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে মদীনা মার্কেট নূর মোহাম্মদ রোড, আখালিয়া, পুরানবাজার, নয়াবাজার, পাঠানটুলা ও রাগীব আলী এলাকাসহ এক বিশাল এলাকা জুড়ে জুয়া ও মাদকের অভয়ারণ্য গড়ে তুলেছে। 


অভিযোগ রয়েছে, প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা ও স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রছায়ায় নির্বিঘ্নে চলছে এই সমাজবিধ্বংসী কর্মকাণ্ড।


অনুসন্ধানে জানা যায়, জুনেদের এই মাদক ও জুয়ার স্পটগুলোতে প্রতিদিন লাখ লাখ টাকার অবৈধ লেনদেন হচ্ছে। এর প্রত্যক্ষ প্রভাবে এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। সর্বনাশা অনলাইন জুয়া, ভারতীয় তীর খেলা এবং মাদকের নীল দংশনে ধাবিত হচ্ছে স্থানীয় তরুণ ও যুবসমাজ; যার ফলে ধ্বংসের মুখে পড়ছে শত শত পরিবার।


খোঁজ নিয়ে জানা গেছে, জুনেদ আহমদ একজন চিহ্নিত অপরাধী। এর আগেও ২০১৯ সালের ১০ জুন পুলিশের এক বিশেষ অভিযানে জুয়া ও মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল সে। কিন্তু জামিনে বেরিয়ে এসে বারবার একই অপরাধে লিপ্ত হচ্ছে। একাধিকবার গ্রেপ্তার হলেও কোনো এক 'অদৃশ্য ইশারায়' তার এই অবৈধ সাম্রাজ্য বন্ধ হচ্ছে না, বরং দিন দিন তা আরও বেপরোয়া ও অনিয়ন্ত্রিত হয়ে উঠছে।


বর্তমানে মদীনা মার্কেট ও আশপাশের সাধারণ মানুষ এই সিন্ডিকেটের কাছে কার্যত জিম্মি হয়ে পড়েছেন। জুনেদ বাহিনীর ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।


এলাকাবাসীর তীব্র দাবি, জুনেদ ও তার সিন্ডিকেটের এই বেপরোয়া অপরাধ সাম্রাজ্য অবিলম্বে গুঁড়িয়ে দেওয়া হোক। যুবসমাজকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কঠোর ও নিরপেক্ষ জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-১২ ১২:১০:৪০