সৌদি আরবে নির্মাণাধীন ভবনে মর্মান্তিক দুর্ঘটনা, সিলেটের দুই প্রবাসী যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : ০৭/০৭/২০২৬ ১০:৩১:৪৯ AM

Share
6

সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ এবং খাগাইল (ডলাইরগাঁও) গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ মোতাহার হোসাইন।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, গত শনিবার (৪ জুলাই) বিকেলে নির্মাণাধীন ভবনের লিফট শ্যাফটে কাজ করার সময় অসাবধানতাবশত তারা নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত দুই প্রবাসী দীর্ঘদিন ধরে সৌদি আরবে একই প্রতিষ্ঠানের অধীনে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে নিহতদের বাড়িতে স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন। পরিবারে চলছে শোকের মাতম।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল। তিনি জানান, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রয়োজনীয় আবেদন ও যোগাযোগ করা হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিহত দুই প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৭-০৭ ১০:৩১:৪৯