জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

  • প্রকাশের সময় : ১১/০৭/২০২৬ ০২:৫২:২৬ PM

Share
7

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় ঝোপের পাশে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলের তৈরি একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ৷


শুক্রবার (১০ জুলাই) রাতে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক নামক স্থানের একটি চার রাস্তার মোড়ের পাশে ঝোপের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন এই পিস্তলটি উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, উদ্ধার পিস্তলটির একপাশে ‘মেইড ইন ব্রাজিল’ এবং অপর পাশে ইংরেজিতে ‘TAURUS’ লেখা রয়েছে। বডি লোহার এবং বাঁট প্লাস্টিকের তৈরি এই পিস্তলটির ট্রিগার ও ফায়ারিং পিন সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে।


পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, এই ধরনের অস্ত্র মূলত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যবহৃত হয়ে থাকে। ব্রাজিলের টরাস (Taurus) কোম্পানির তৈরি নাইন এমএম ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল এবং জি-থ্রি সিরিজের সঙ্গে এর মিল রয়েছে৷


কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জুলাই আন্দোলনের সময় কোনো একটি থানা থেকে অস্ত্রটি লুট হয়ে থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি। অস্ত্রের বডিতে যে নম্বর থাকে সেটি ঘষে তুলে ফেলার চেষ্টা করা হয়েছে। এ কারণে মূলত কোন থানা থেকে লুট হয়েছে সেটি বুঝতে সমস্যা হচ্ছে। ব্যালিস্টিক ফরেনসিক ল্যাব টেস্ট ও তদন্ত করে সেটি নিশ্চিত হওয়া যাবে।


সিলেট প্রেস / নিউজ ডেস্ক


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-১১ ১৪:৫২:২৬