দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন-২০২৬ শনিবার (১১ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারস্থ টিসিবি ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল। এসময় তিনি সমাজ ও মানবাধিকার কর্মী এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসাইনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং তিব্বত বিষয়ক সাবেক মার্কিন বিশেষ সমন্বয়কারী রবার্ট এ. ডেস্ট্রো, ভারতের পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইনতিয়াজ আলী শাহ, মালদ্বীপ স্টেট শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও মালদ্বীপ পুলিশ বোর্ডের চেয়ারম্যান আহমেদ শরীফ, ঢাকায় নিযুক্ত নেপালের সাবেক রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র, শ্রীলঙ্কার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আন্তর্জাতিক পরিচালক ড. কৈলয়ানাখন রজনীকাহ এবং ভুটানের থিম্পুভিত্তিক সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি ড. গেদেন দোর্জি।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির উপদেষ্টা ও আহ্বায়ক মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস।
সম্মেলনে সভাপতিত্ব করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। বক্তারা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, মানবাধিকার সুরক্ষা, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।



















