গত বছরের প্রশ্নে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী!

  • প্রকাশের সময় : ০৪/০৭/২০২৬ ১০:১৬:৫৩ PM

Share
6

২০২৫ সালের প্রশ্নপত্রে চলমান এইচএসসি পরীক্ষা দিয়েছেন জামালপুরের ১০০ পরীক্ষার্থী। তারা জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।


শনিবার (৪ জুলাই) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে চলতি এইচএসসি বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।


পরীক্ষার্থী তিলা জামালি বলেন, ‘পরীক্ষা দেওয়া শেষে আমি দেখতে পাই আমার প্রশ্নের ওপরে লেখা ২০২৫ সাল। তার মানে এ প্রশ্ন আমাদের না। পরে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে সমাধানের আশ্বাস দেওয়া হয়। আমি দুই বছর ধরে এ ৩ ঘণ্টার জন্য প্রস্তুতি নিয়েছি। তাদের একটি ভুলের কারণে আমরা পুরোনো সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছি।’


শারমিন আক্তার নামে আরেক পরীক্ষার্থী বলেন, ‘সারা বাংলাদেশে একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। আমরা ১০০ জন অন্য একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিলাম। এখন আমার পরীক্ষা কেমন হয়েছে, সেটি বিষয় না। ফলাফল আটকে যায় কি না সেটাই চিন্তা করছি।’


তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘পাস করলেও এ প্লাস আসবে কি না জানি না।’


এ ব্যাপারে আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মীর শওকত আলম মীর বলেন, ‘আমাদের কাছে যে প্রশ্নপত্র আসে, সেগুলোতে ২০টি প্রশ্নপত্রে একটি বান্ডেল হয়। ৪২০২ নাম্বার কক্ষের জন্য যে পাঁচটি বান্ডেল খোলা হয়, প্রতিটি বান্ডেলের ওপরে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা ছিল। কিন্তু ভেতরে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ছিল।’


তিনি আরও বলেন, ‘পরীক্ষা শুরু আগে বিষয়টি দেখার সুযোগ না থাকায় শিক্ষকরা বান্ডেল খুলে পরীক্ষার্থীদের মাঝে প্রশ্ন বিতরণ করেন। যারা মূলত অনিয়মিত ও মানোন্নয়নের জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এ প্রশ্ন ছিল।’


অধ্যক্ষ বলেন, ‘বিষয়টি জানাজানির পর আমরা বোর্ডে যোগাযোগ করি। বোর্ড থেকে সেই ১০০ জন পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠাতে বলা হয়েছে। তাদের উত্তরপত্র ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী দেখা হবে।’


সরকারি আশেক মাহমুদ কলেজের কেন্দ্রটিতে বাংলা দ্বিতীয়পত্রে অনিয়মিত ও মানোন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছেন ৬৯ জন। এই কলেজে সব মিলিয়ে পরীক্ষা দিয়েছেন ৯ শতাধিক পরীক্ষার্থী।



সিলেট প্রেস / নিউজ ডেস্ক


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-০৪ ২২:১৬:৫৩