সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে র্যাব-৯-এর একটি দল দক্ষিণ সুরমা থানার মোগলাবাজার ইউনিয়নের ত্রিমুখী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এহিয়া তালুকদার (৩৬) নামে ওই আসামিকে গ্রেফতার করে। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে বানিয়াচং থানা পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
র্যাব জানায়, নিহত মাহফুজ মিয়া (৪৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈলারকান্দি এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে মাহফুজ মিয়ার সঙ্গে গ্রেফতারকৃত এহিয়া তালুকদার ও তার সহযোগীদের বিরোধ চলছিল।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২২ নভেম্বর রাতে ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে বসন্তপুর পৈলারকান্দি এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহফুজ মিয়া ও তার ভাইয়ের ওপর হামলা চালায়।
এ সময় এমদাদ তালুকদার মাহফুজ মিয়াকে হত্যার উদ্দেশ্যে একটি টেটা নিক্ষেপ করলে সেটি তার কোমরের বাম পাশে বিদ্ধ হয়। পরে অন্যান্য অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আত্মগোপনে থাকা এহিয়া তালুকদারকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



















