সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল চোর আটক

  • প্রকাশের সময় : ০৩/০৭/২০২৬ ০৭:২১:৫৬ AM

Share
7

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এক মোবাইল চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে হাসপাতালের পুরাতন ভবনের ৫ম তলার শিশু বিভাগের ২১ নম্বর ওয়ার্ডে রোগীর সেবায় নিয়োজিত এক ব্যক্তির মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করেন মোঃ বাবলু মিয়া (৪৫)। বিষয়টি টহলরত আনসার সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিক ধাওয়া করে হাসপাতালের নিচতলার ১০৮ নম্বর সিঁড়ির নিকট থেকে তাকে চুরি হওয়া মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের নিকট সোপর্দ করা হয়।

এ অভিযানে দায়িত্ব পালন করেন পিসি ফারুক হোসেন, আনসার সদস্য মোঃ আফজাল হোসেন এবং মোঃ মিলন মিয়া। মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগী আনসার সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সর্বদা সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এ ঘটনার মাধ্যমে তাদের তাৎক্ষণিক তৎপরতা ও অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা আবারও প্রতিফলিত হয়েছে, যা সাধারণ মানুষের নিরাপত্তা ও বাহিনীর প্রতি জনআস্থা আরও সুদৃঢ় করতে সহায়ক।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৭-০৩ ০৭:২১:৫৬