হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা : জেলাজুড়ে ক্ষয়-ক্ষতি

  • প্রকাশের সময় : ২৯/০৪/২০২৬ ০৭:০৪:৪০ AM

Share
16

হবিগঞ্জ জেলাজুড়ে আকস্মিক কালবৈশাখির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে জেলার কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা। এতে বিদ্যুতের চরম বিপর্যয় দেখা দিলে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। বিদ্যুতিক খুঁটি ও গাছপালা উপরে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। কোথাও কোথাও সড়ক ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। এদিকে, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ¦ালিয়ে পরীক্ষা দেয়ার খবর পাওয়া গেছে। ফলে চরম দূর্ভোগের শিকার হয়েছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্র জানায়, গত সোমবার গভীর রাতে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ো হাওয়ায় হবিগঞ্জ সদর, বাহুবল, নবীগঞ্জ ও বানিয়াচংসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক স্থানে বড় গাছ উপড়ে সড়ক ও বিদ্যুতের লাইনের ওপর পড়ে, ফলে অসংখ্য স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি সম্পূর্ণ উপড়ে পড়ে থাকতেও দেখা গেছে।


ঝড়ের পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পুরো জেলা অন্ধকারে নিমজ্জিত হয়। বিদ্যুৎ না থাকায় পানির পাম্প বন্ধ হয়ে যায়, ফলে মানুষ পানির সংকটে পড়ে। গোসল, রান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজ ব্যাহত হয়। মোবাইল ফোন চার্জ দিতে না পারায় যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়। ঝড়ের পরপরই বিদ্যুৎ বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মেরামত কাজ শুরু করেন। দিনভর চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হলেও তা পুরোপুরি স্বাভাবিক হয়নি।


অপর একটি সূত্র জানায়, গত ৩ দিন ধরে অন্ধকারাচ্ছন্ন ছিল বাহুবল উপজেলার বিভিন্ন এলাকায়। বিশেষ করে মিরপুর ইউনিয়নের দক্ষিণাঞ্চলের ফদ্রখলা, ফরিদপুর, কোটান্দরসহ বিভিন্ন গ্রাম টানা ৩ দিন  ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। সোমবার রাতে ঝড়ের কবলে শ্রীমঙ্গল গ্রীডের বনবীর নামকস্থানে ১৮টি বিদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্থ হয়েছে। যে কারনে বাহুবল উপজেলা জুড়ে বিদ্যুতের চরম বিপর্যয় দেখা দেয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েন উপজেলাবাসী। গতকাল শায়েস্তাগঞ্জ গ্রীড থেকে বিদ্যুৎ নিয়ে আংশিক এলাকায় সরবরাহ চালু করা হয়। গতকাল রাত ১০ টার দিকে বিদ্যুতের দেখা পায় কিছু এলাকা। তবে ওই এলাকায় বিদ্যুৎ পুরোপুরি  ভাবে স্বাভাবিক হতে আজ বিকেল পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষ। 


এদিকে, বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। অন্ধকারে পড়ালেখা করতে না পেরে তাদের প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গতকাল এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে শহরের বিদ্যুৎ না থাকায় অনেক কেন্দ্রে মোমবাতি জ¦ালানো হয়েছে। বিষয়টি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 


বিদ্যুৎ বিভাগ জানায়, ক্ষতিগ্রস্ত খুঁটি ও তার দ্রুত সংস্কারের কাজ চলছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে অল্প সময়ের মধ্যেই পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকরী জেনারেল ম্যানেজার অমলেশ কুমার সরকার বলেন, ‘ঝড়ে শ্রীমঙ্গল গ্রীডের ১৮টি খুঁটি ক্ষতিগ্রস্থ হওয়ায় বাহুবল উপজেলা জুড়ে বিদ্যুতের বিপর্যয় ঘটেছে। গতকাল রাতে আংশিক এলাকায় শায়েস্তাগঞ্জ গ্রীড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। আজ বিকেলের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে’। 


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০২৬-০৪-২৯ ০৭:০৪:৪০