সিলেট জেলায় নবনির্মিত হাসপাতালটি চালুর জন্য কার্যকরী পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্কর এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এই অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে সিলেটের মাটিতে স্বাগত জানিয়ে বলেন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য বিদেশী বিমান সংস্থা বা এয়ারলাইন্সগুলোকে লাইসেন্স প্রদানের দীর্ঘদিনের দাবিটি এখন সময়ের দাবি। তারা এই দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান।
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, সিলেটে নবনির্মিত হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়ায় আমরা প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আমরা আশা করি, সিলেটের প্রতি প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা রয়েছে, তারই ধারাবাহিকতায় সিলেটবাসীর এই প্রাণের দাবিটি তিনি অত্যন্ত গুরুত্বের সাথে অতি দ্রুত বাস্তবায়ন করবেন।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী সিলেটের সামগ্রিক উন্নয়নে বরাবরই আন্তরিক। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সরাসরি বিদেশী এয়ারলাইন্স চলাচলের অনুমতি মিললে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ খাতে এক অভূতপূর্ব বিপ্লব ঘটবে। এই জনগুরুত্বপূর্ণ দাবিটি দ্রুত বাস্তবায়িত হবে এমনটাই প্রত্যাশা করছেন পুরো সিলেট বিভাগবাসী।



















