সুনামগঞ্জে বাণিজ্যমেলায় অশ্লীল নৃত্য, জমজমাট জুয়ার আসর ও ইসলামবিরোধী কার্যকলাপে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা শহরের ট্র্যাফিক পয়েন্টে তৌহিদী জনতার ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের বদলে ভারতীয় পণ্যে সয়লাব হয়ে গেছে। সন্ধ্যা হলেই জমে উঠে অশ্লীল নৃত্য ও টিকেটের নামে জুয়ার আসর। আবাসিক এলাকায় মেলায় শব্দ দূষণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। হার্টের রোগীরা ভীষণ কষ্ট পাচ্ছ। ডিসির দেওয়া সকল শর্ত ভঙ্গ করেছে মেলা কর্তৃপক্ষ।
এসময় বক্তারা বলেন, আর একদিনও মেলা চলতে দেয়া হবে না। মেলা চলে তা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা।
মাওলানা মুফতি আব্দুল হকের সভাপতিত্বে ও মাওলানা আরিফ রব্বানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- মাদানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ আব্দুল বছির, শহরের পূর্ব বাজার মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ, তেঘরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা বদরুল আলম, কাজির পয়েন্ট মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আহমদ, ষোলঘর শাহ আছদ আলী পীর হাফেজিয়া মাদরাসার পরিচালক হাফিজ মুশাহিদ আলী, আলহেরা মাদরাসার শিক্ষক মিজানুর রহমান, ব্যবসায়ী হাফিজ ত্বাহা হোসাইন, ব্যবসায়ী মাহবুব খান, ব্যবসায়ী মাওলানা সাব্বির আহমদ, ষোলঘরের বাসিন্দা লুৎফুর রহমান, ব্যবসায়ী হুমায়ুন আহমদ, মাওলানা সুলাইমান জাবেরি, মাওলানা নাসরুজ্জমান ও শহিদুল ইসলাম।
সিলেটপ্রেস প্রতিবেদক




















