জীবিত স্বামীকে ‘মৃত’ দেখিয়ে নারী ইউপি সদস্য'র বিধবা ভাতা গ্রহণ!

  • প্রকাশের সময় : ০৮/০৬/২০২৬ ০৫:৩১:০৬ PM

Share
7

দোয়ারাবাজার উপজেলায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে এক নারী ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে বিধবা ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বকুল আক্তার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

অভিযোগ অনুযায়ী, বকুল আক্তারের স্বামী মো. আজগর আলী জীবিত থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে বিধবা ভাতা উত্তোলন করে আসছেন। আজগর আলী বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের বাসিন্দা এবং আব্দুল মজিদের ছেলে।

স্থানীয়দের দাবি, ইউপি সদস্য হওয়ার সুবাদে এবং সংশ্লিষ্টদের সহযোগিতায় বকুল আক্তার দীর্ঘদিন ধরে এই ভাতা ভোগ করে আসছেন। বাংলাবাজার ইউনিয়নের বিধবা ভাতা উপকারভোগীদের তালিকাতে তার নাম রয়েছে।

অভিযোগের বিষয়ে বকুল আক্তার বলেন, আমার এক মেয়ে প্রতিবন্ধী। ভাতার টাকাটা সে পায়, ডিসি স্যার নিজেই আমাকে এ বিষয়ে বলেছিলেন।

স্থানীয় বাসিন্দা শফিক মিয়া বলেন, বকুল আক্তারের স্বামী জীবিত এবং এলাকায়ই চলাফেরা করেন। জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নেওয়া কীভাবে সম্ভব, সেটাই প্রশ্ন।

এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী অবস্থানের কারণে তিনি স্থানীয় সমাজকর্মীদের সঙ্গে যোগসাজশ করে ভাতার কার্ড তৈরি করেছেন। এছাড়া অতীতেও অর্থের বিনিময়ে অনিয়মের মাধ্যমে বিভিন্ন ভাতার কার্ড তৈরির অভিযোগ উঠেছিল বলে দাবি করেন তারা।

বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসাইন বলেন, বকুল আক্তার যখন নির্বাচিত হন, তখন তার স্বামী ছিল না বলেই জেনেছিলাম, সে কারণে তিনি ভাতার সুবিধা পেয়েছেন। এখন শুনছি তার স্বামী রয়েছে। হয়তো পরে বিয়ে করেছেন। তবে এ বিষয়ে আমাদের কাছে কোনো লিখিত প্রমাণ নেই। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দোয়ারাবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শফিউর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া তথ্যের ভিত্তিতেই ভাতার কার্যক্রম পরিচালিত হয়। তবে স্বামী জীবিত থাকা অবস্থায় বিধবা ভাতা পাওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, মিথ্যা তথ্য দিয়ে বিধবা ভাতা গ্রহণ করা গুরুতর অপরাধ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৬-০৮ ১৭:৩১:০৬