হবিগঞ্জে শেখ হাসিনা সৈনিক লীগের সভাপতি গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৫/১১/২০২৪ ০৭:৩৮:৫৭ AM

Share
22

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি ‘শেখ হাসিনা সৈনিক লীগ’ হবিগঞ্জ জেলার সভাপতি এসএম মানিককে (৫৫) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাতে চুনারুঘাট থানা পুলিশ উপজেলার পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফদার করে। মানিক নিজেকে ‘শেখ হাসিনা সৈনিক লীগ’ হবিগঞ্জ জেলার সভাপতি পরিচয় দিতেন এবং ২০২২ সালের ২৬ আগস্ট এক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে আলোচনায় আসেন।

গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন।

বাদীর অভিযোগ, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র-জনতার ঢল নামে। ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র জনতার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

আন্দোলনকারীদের ওপর তারা দেশিয় অস্ত্র নিয়ে হামলা করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ নানা শ্রেণিপেশার অসংখ্য মানুষ আহত হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে মামলায় ব্যারিস্টার সুমনসহ মোট ৫ আসামি গ্রেফতার হলো। মামলায় চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র, ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়।


সিলেট প্রেস / ০৫ নভেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-১১-০৫ ০৭:৩৮:৫৭