মাধবপুরে সংখ্যালঘু পরিবারকে নির্যাতন করায় দাউদ ইব্রাহিম গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৬/০৪/২০২৪ ০৭:৩৭:২৫ AM

ছবি-সংগৃহীত

Share
135

হবিগঞ্জের মাধবপুরে এক সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর হামলা ও নির্যাতনের অভিযোগে দাউদ ইব্রাহিম ওরফে বুস্টার (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (০৫ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ। মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি উপজেলার ধর্মঘর ইউপি বীরসিংহপাড়ার বাসিন্দা শ্যামল দেব দীর্ঘদিন ধরে আলোচিত একাধিক অস্ত্র ও মাদক মামলার আসামি দাউদ ইব্রাহিম ওরফে বুস্টার ও তার লোকজন দ্বারা নির্যাতনের শিকার হচ্ছিলেন। এতে তারা জীবন বাচাতে বাধ্য হয়ে পার্শ্ববর্তী তুলসীপুর গ্রামে আশ্রয় নেন। অভিযুক্ত বুস্টার দুই সপ্তাহ আগে ভুক্তভোগী পরিবারের একটি গরু হত্যা করে। সেই সাথে তাদের প্রাননাশের হুমকি প্রদান করলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কাশিমনগর পুলিশ ফাঁড়ি এসআই ফজলুর রহমানের নেতৃত্বে গতকাল শুক্রবার সন্ধ্যায় নাশকতা ও সন্ত্রাসী ক্রিয়াকলাপ ও আরো অবৈধ কিছু কর্মকান্ডের অপরাধে বুস্টারক গ্রেফতার করে। এ বিষয়ে ভুক্তভোগী স্থানীয় সংখ্যালঘু শ্যামল দেব বলেন, ‘আমি দীর্ঘদিন থেকে নির্যাতনের শিকার হচ্ছিলাম। 

ভারত চলে যাওয়ারও একটা চিন্তা ছিল আমার। কিন্তু এখন পরবর্তীতে আমার জীবনে নিরাপত্তার জন্য আমি সরকারের কাছে  সাহায্যপ্রার্থী। সে যেকোন সময় জেল থেকে বের হয় আমার ও আমার পরিবারকে গুম করে ফেলতে পারে’। এ নিয়ে মাধবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি  ডা.হরিশচন্দ্র দেবও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মাধবপুর উপজেলার আইনশৃঙ্খলা মিটিং এসব গুরত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনাই হয় না!’। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল বলেন, ‘বুস্টার গ্রেফতার হয়েছে আমরা শান্তি পেয়েছি। আমরা কোনভাবেই তার সাথে কুলিয়ে উঠতে পারছিলাম না। এখন ওই পরিবারটির জীবনে নিরাপত্তাই আমাদের সকলের চিন্তার বিষয়’।


সিলেট প্রেস / ০৬ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-০৬ ০৭:৩৭:২৫