হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
নিহতরা হলেন- ওই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামারগাঁও এলাকায় চেরাগ আলী ফিলিং স্টেশনের পাশের একখণ্ড জমি নিয়ে নিহত দুইজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে আবারও দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উস্তার মিয়া ও ই্উসুফ আলী নামে দুই যুবক নিহত হন। এছাড়া উভয়পক্ষের ২৫ জন আহত হন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিলেটপ্রেস প্রতিবেদক




















