পারিবারিক কলহের জের ধরে জামালগঞ্জে একই পরিবারের ৪ জনের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে নেওয়ার পথে আপন ৩ ভাই বোনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী ও তার ৩ সন্তানসহ বিষ পান করেন। পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে রাগ করে যমুনা বেগম (৩৫) ও তার ৩ সন্তানসহ নিজ বসত বাড়িতে সবাই বিষপান করে। বিষপানের পর চিৎকার চেঁচামেচি করলে এক পর্যায়ে প্রতিবেশীরা এসে তাদেরকে চিকিৎসার জন্য জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
তাদের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাহেদ (৫) মো. তামজীদ (১৩) ও মেয়ে সাকিবা( ১৪) কে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় নিহতদের মা যমুনা বেগম (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের কারনেই ঘটনাটি ঘটেছে। এব্যাপারে এখনো কোনো মামলা বা অভিযোগ হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে এবং আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















