হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের শেখপাড়া লাংলিয়াও এলাকায় করাঙ্গী নদীতে মাছ শিকারে বাঁধ নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালীরা। বাঁশ-কাঠের এই বাঁধের কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় নদীর উজানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে রানীগাঁও ইউনিয়নের পাচারগাঁও, রানীগাঁও, ইসলামপুরসহ বেশ কয়েকটি গ্রামের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এসব জমিতে ফসল আবাদ নিয়ে ভোগান্তিতে পড়েছেন এলাকার কৃষকরা।
এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে ইসলামপুর এলাকার মিজানুর রহমান নামে এক কৃষক চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সাটিয়াজুরী ইউনিয়নে করাঙ্গী নদীর ভাটি এলাকা শেখপাড়া লাংলিয়াও গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মাছ শিকারের জন্য নদীতে বাঁধ নির্মাণ করেন। ফলে উজান এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নদীর স্রোতের স্বাভাবিক গতিধারা ব্যাহত হওয়ায় কয়েক স্থানে ভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে।
শেখপাড়া লাংলিয়াও এলাকায় করাঙ্গী নদীতে আড়াআড়িভাবে প্রায় তিনশ ফুট দৈর্ঘ্যের বাঁধ নির্মাণ করা হয়েছে। গাছের গুঁড়ি, বাঁশ, কাঠসহ বিভিন্ন সামগ্রী দিয়ে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। আজাদ মিয়া, ছুরুক মিয়া, তাজুল মিয়া, কালা মিয়া, সুরুজ আলীসহ স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তির উদ্যোগে এই বাঁধটি নির্মাণ করা হয়। মাছ শিকারের কথা বলে গ্রামবাসীর কাছ থেকে গাছ ও বাঁশ সংগ্রহ করেন অভিযুক্তরা। সরকার যখনই সারাদেশে খাল ও নদী দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে ঠিক তখনই এমন কর্মকাণ্ডে স্থানীয় অনেকেই হতাশা জানিয়েছেন।
এলাকাবাসীর ধারণা, নদীতে এভাবে বাঁধ দিয়ে স্থানীয় প্রভাবশালীরা মাছ চাষের উদ্যোগ নিতে পারেন। এতে ব্যক্তি বিশেষের লাভ হলেও ক্ষতি হবে পরিবেশের ও আশপাশের কৃষকের।
ইউএনওর কাছে অভিযোগকারী কৃষক মিজানুর রহমান জানান, রানীগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামপুর, পাচারগাঁও গ্রামের মধ্য দিয়ে এই করাঙ্গী নদী প্রবাহিত হয়েছে। স্থানীয় কয়েকজন লোক নদীতে বাঁধ দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে তিনি ইউএনও’র কাছে দাবি জানিয়েছেন।
অভিযুক্ত আজাদ মিয়া জানান, বর্ষায় নদী থেকে মাছ ধরতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বাঁধটি নির্মাণ করা হয়েছে। কিছুদিন পর এটি তুলে ফেলা হবে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, এ বিষয়ে তিনি সরেজমিনে খোঁজ-খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।




















