হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌর কর্তৃপক্ষের অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কোটি টাকা মুল্যের সরকারি মেশিন। পৌরসভার দুটি রোড রোলার ও একটি মিনি ট্রাক দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ইতিমধ্যেই মেশিনগুলো থেকে বিভিন্ন যন্ত্রাংশ নিরুদ্দেশ হয়ে গেছে।
পৌর কর্তৃপক্ষ বলছে বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রনালয়ে জানানো হয়েছে। নির্দেশনা পেলে নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
পৌরসভা সুত্রে জানাযায়, ২০০৭ সালে একটি রোড রোলার, ২০১২ সালে একটি মিনি ট্রাক ও ২০১৮ সালে দ্বিতীয় রোড রোলারটি বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয়রা বলছেন , কেনার পর থেকেই বছরের পর বছর ধরে এগুলো পড়ে রয়েছে। বরাদ্দ পাবার পর সরকারের উন্নয়নমূলক কাজে এগুলো ব্যবহার করার কথা থাকলেও পৌরসভার কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক সড়ক নির্মাণ কিংবা সংস্কার কাজে এগুলোর ব্যবহার হয়নি কখনো। ২০১২ সালে আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়ক উন্নয়ন কাজে একটি রোলার ব্যবহার করা হয়েছে নামমাত্র কয়েকদিন। সেই সময় রোলারটি দুর্ঘটনায় বিকল হয়ে যায়। এরপর থেকেই রোলারটি শিবপাশা ইউনিয়ন পরিষদের মাঠে পড়ে আছে। অপর রোলার ও একটি মিনি ট্রাকটি দীর্ঘদিন যাবত একইভাবে পৌরসভা কার্যালয়ের সামনে পড়ে থাকতে থাকতেই বিকল হয়েছে।
সরজমিনে দেখাযায়, শিবপাশা ইউনিয়ন পরিষদের সামনে একটি রোড রোলার অরক্ষিত অবস্থায় খোলা জায়গায় পড়ে রয়েছে। অপরদিকে পৌর ভবনের সামনে একটি রোলার ও একটি মিনি ট্রাক দীর্ঘদিন এভাবে খোলা জায়গায় পড়ে থেকে গাড়ি গুলোর অনেক যন্ত্রাংশ বিকল ও নিরুদ্দেশ হয়ে গেছে।
শিবপাশা ইউনিয়ন পরিষদের সামনে রোড রোলারটির ছবি তোলার সময় গ্রামের প্রবীণ লুৎফুর মিয়া , সমরাজ মিয়া সহ একাধিক ব্যক্তি জানান, ২০১২ সালের দিকে আজমিরীগঞ্জে বানিয়াচং ভায়া শিবপাশা সড়ক নির্মাণের সময় রোলারটি রাস্তার পাশে পড়ে যায় । সেই সময় কতৃপক্ষ রোলারটি তুলে সেই যে ইউনিয়ন পরিষদের সামনে রেখে গেছে আজ অবধি এটি এখানেই অকেজো হয়ে পড়ে আছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক বলেন, বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রনালয়ে অবগত করা হয়েছে। নির্দেশনা পেলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।




















