বর্ষার শুরুতেই সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত ৬৩

  • প্রকাশের সময় : ০৫/০৭/২০২৬ ০৬:৫৪:২১ PM

Share
10

সিলেট বিভাগে আবারও বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের শরীরে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। বর্তমানে দুজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


রোববার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।


স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে একজন এবং মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।


জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হবিগঞ্জে। জেলাটিতে এ পর্যন্ত ৩১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ বাইরে সুনামগঞ্জে ১৩ জন, সিলেট জেলায় ১১ জন এবং মৌলভীবাজারে ছয়জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া বিভাগের বাইরে থেকে চিকিৎসা নিতে আসা আরও দুজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের একজন ব্রাহ্মণবাড়িয়া এবং অন্যজন নেত্রকোনা জেলার বাসিন্দা।


স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্ষা মৌসুম শুরু হওয়ায় এডিস মশার প্রজনন বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে গুরুত্ব দিতে হবে।


তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তি সচেতনতার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ জরুরি। সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা গেলে রোগটির বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


সিলেট প্রেস / নিউজ ডেস্ক


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-০৫ ১৮:৫৪:২১