শাওন ও মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : ০৫/০৭/২০২৬ ০৯:৪১:১৪ PM

Share
6

জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য, কটাক্ষ ও স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ ছয়জনের বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


রোববার (৫ জুলাই) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এস এম সুইট এই অভিযোগটি দাখিল করেন।


মামলার তালিকায় থাকা অন্য অভিযুক্তরা হলেন- শান্তা ফারজানা, সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদী।



অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং ৩০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি এই ঐতিহাসিক বিপ্লব, এর স্মৃতিচিহ্ন এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য করছেন।

সুনির্দিষ্ট অভিযোগ হিসেবে বলা হয়, শান্তা ফারজানা নামের এক নারী জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করেছেন। অন্যদিকে, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই বিপ্লবকে ‘সাজানো ঘটনা’ হিসেবে উল্লেখ করার পাশাপাশি নানা ধরনের বিতর্কিত ও অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এছাড়া চিত্রনায়িকা মাহিয়া মাহি, সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদী বিভিন্ন সময় জুলাই আন্দোলন নিয়ে উপহাস ও কটাক্ষ করেছেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে অভিযোগপত্রে।



এ বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এনসিপির কেন্দ্রীয় সদস্য এস এম সুইট ছয়জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হবে। তদন্ত সম্পন্ন হওয়ার আগে এই বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।


সিলেট প্রেস / নিউজ ডেস্ক


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-০৫ ২১:৪১:১৪