সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অটোরিক্সার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি ও তার ভাগ্নের প্রাণ গেছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী জানান।
নিহতরা হলেন- শান্তিগঞ্জের আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমদ (২৬) ও তার মামা দিরাই উপজেলার নুরপুর গ্রামের সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০)।
তারদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “সকালে পাগলা বাজার থেকে রাজিন ও আমিরুল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছে জগন্নাথপুর থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজন ঘটনাস্থলেই মারা যান।”
প্রত্যক্ষদর্শী সিচনী গ্রামের বাবুল মিয়া বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসন এসে দুপুরে পরিস্থিতি শান্ত করে।
অটোরিকশা ও মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
নিজস্ব প্রতিবেদক:




















