আজমিরীগঞ্জে সেতু আছে নেই সড়ক

  • প্রকাশের সময় : ২৪/০১/২০২৪ ০৭:৩১:০৯ AM

ছবি- সংগৃহীত

Share
63

হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রাম। ওই গ্রামের কদমতারা মহল্লার ভাগুলিপাড়া (পুবের বাড়ি) এলাকায় শতাধিক পরিবারের বসবাস। এসব পরিবারের কয়েক’শ স্কুল ও কলেজগামী শিক্ষার্থীসহ জনসাধারণের যাতায়াতের দুর্ভোগ লাঘবে প্রায় ৮ বছর আগে কদমতারা এলাকার মূল সড়ক থেকে ভাগুলি পাড়ায় যাওয়ার জন্য ধুলিয়া খালে একটি সেতু নির্মাণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৮ মিটার লম্বা ওই সেতু নির্মাণের ৭ বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক। ফলে সেতুটি স্থানীয় জনগণের কোনো কাজে লাগছে না। 


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, কয়েক মাসে পূর্বে যোগদান করায় বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তবে খোঁজ নিয়ে জেনেছেন সেতুটি নির্মাণের পর বিভিন্ন জঠিলতায় সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে পশ্চিমভাগ কদমতারা গ্রামের ধুলিয়া খালের উপর ২৩ লক্ষ ৮৩ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। 


নির্মাণের পর কেটে গেছে প্রায় ৮ বছর। এই দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও সেতুর উভয় পাশে করা হয়নি কোন সংযোগ সড়ক। আর এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়ুয়া শিক্ষার্থীদের পাশাপাশি সকল বয়সের লোকজনকে। 


পশ্চিমভাগ কদমতারা গ্রামের সস্তু মিয়া বলেন, অনেক আগে সেতুটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনো কাজেই আসছেনা সেতুটি। 


এলাকার বয়োবৃদ্ধ বাবুল মিয়া বলেন, সেতুটির সংযোগ সড়ক না থাকায় শীতকালে মাটির বস্তা ফেলে কোনরকমের চলাচল করা হয়। কিন্তু বর্ষায় কাঁদা পানি মাড়িয়ে মূল সড়কে যেতে হয়। বিশেষ করে বয়োবৃদ্ধ ও স্কুলগামী ছোট শিশুদের দুর্ভোগ পোহাতে হয় বেশি। 


স্থানীয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মুহিবুর হাসান দুলু বলেন, সেতুটি এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ কমাতে নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে এটি কাজে আসছেনা। 


শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার বলেন, সংযোগ সড়কের অংশে ব্যক্তি মালিকানাধীন জমি থাকায় সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হয়নি। 


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল বলেন, কয়েকমাস আগে আজমিরীগঞ্জ উপজেলায় যোগদান করেছি। খোঁজ নিয়ে জানতে পেরেছি কিছু জটিলতায় সংযোগ সড়কটি নির্মাণ করা সম্ভব হয়নি। সরজমিনে পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



সিলেট প্রেস / ২৪ জানুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০১-২৪ ০৭:৩১:০৯