হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর তেমুনিয়া মোড়ের গ্লোবাল সিএনজি পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে হামিদ মিয়া ও একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে রনি মিয়া।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্লোবাল সিএনজি পাম্পের কাছে মাধবপুরগামী একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে অজ্ঞাতপরিচয় একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
সিলেটপ্রেস প্রতিবেদক




















