কারাগারে অসুস্থ যুবদল নেতাকে হাসপাতালে পাঠানো হলো ডান্ডাবেড়ি পরিয়ে

  • প্রকাশের সময় : ২৭/১২/২০২৩ ০৬:১২:২৬ AM

ছবি- সংগৃহীত

Share
70

কারাগারে অসুস্থ হয়ে পড়া হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমদকে ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। গত সোমবার অসুস্থ হয়ে পড়লে বিকেলে তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন মঙ্গলবার তাঁকে ডান্ডাবেড়ি পরা অবস্থায়ই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের সুপার মতিয়ার রহমান বলেন, ‘প্রেশারের কারণে যুবদল নেতা জালাল অসুস্থ হয়ে পড়লে হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সিলেটে পাঠানো হয়। সিলেট হাসপাতালেও তিনি ডান্ডাবেড়ি পরা অবস্থায় ছিলেন। কারণ সুস্থ হয়ে তিনি পালিয়ে যেতে পারেন।’


জেলা যুবদলের সদস্যসচিব শফিকুর রহমান সেতু বলেন, ‘জালাল আহমেদ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় তাঁকে ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময়ও তাঁর ডান্ডাবেড়ি খোলা হয়নি।’


জালালের আইনজীবী আফজাল আহমদ সাংবাদিকদের বলেন, প্রায় তিন মাস আগে নবীগঞ্জ উপজেলার একটি মামলায় জালাল আহমেদকে গ্রেপ্তার করা হয়। ২৮ অক্টোবর আদালত তাঁকে জামিন দেন। ওই দিনই গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলগেট থেকে তাঁকে আবার গ্রেপ্তার করে। পরদিন তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি নন।’


এ বিষয়ে বিএনপির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, ‘একজন অসুস্থ রাজনৈতিক নেতাকে এভাবে ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে নেওয়া সব রাজনীতিবিদের জন্যই অপমানজনক।



সিলেট প্রেস / ২৭ ডিসেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১২-২৭ ০৬:১২:২৬