জগন্নাথপুরে এক মোটরসাইকেলে তিনজন: দুই বন্ধু নিহত, আরেক বন্ধু আইসিইউতে

  • প্রকাশের সময় : ০৭/১২/২০২৩ ০৬:০১:০৭ AM

সড়ক দুর্ঘটনায় নিহত নাহিদুল হক, মোস্তাক আহমদ রাবিন ও আহত মকছুদ মিয়া। ছবি: সংগৃহীত

Share
87

সুনামগঞ্জের জগন্নাথপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আরও এক বন্ধু। গতকাল বুধবার রাত ৮টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দাড়াখাই সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঘাগলাজুর গ্রামের আনা মিয়ার ছেলে নাহিদুল হক (১৮) এবং একই উপজেলার সিংচাপাইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের আবাব মিয়ার ছেলে মোস্তাক আহমদ রাবিন (১৭)। নিহত দুজন ভাতগাঁও আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গুরুতর আহত মকছুদ মিয়া (১৮) ঘাগলাজুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ৮টার দিকে ওই তিন বন্ধু মোটরসাইকেলে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় দাড়াখাই সেতু এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অসাবধানতাবশত ধাক্কা লেগে তিন বন্ধু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। 

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনের মধ্যে নাহিদুল ও রাবিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁরা মারা যান। গুরুতর অবস্থায় মকছুদকে সিলেটে পাঠানো হয়েছে। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


সিলেট প্রেস / ০৭ ডিসেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১২-০৭ ০৬:০১:০৭