সুনামগঞ্জ -১

তিনবারের এমপি রতনের পাশে নেই কেউ

  • প্রকাশের সময় : ০৩/১২/২০২৩ ০১:১৯:০০ AM

ছবি- সংগৃহীত

Share
133

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। ২০০৮ সাল থেকে শুরু করে তিনবার নির্বাচিত এই এমপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

গত বৃহস্পতিবার সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেয়া ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন চৌধুরী স্বপন, মধ্যনগর থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক অমরেশ রায় চৌধুরী, এমপি রতনের ব্যক্তিগত সহকারী আব্দুর রাজ্জাক পাবেল। তবে এ সময় জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবী হোসেন ছাড়া এই আসনের চার উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কেউ ছিলেন না। এমনকি দলের দ্বিতীয় তৃতীয় সারির নেতাকর্মীরাও এখন তাকে গ্রহণ করছেন না।

গত ২৬ নভেম্বর সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য রনজিত সরকারের নাম ঘোষণা হয়। এর পরপরই এমপি রতনকে ছেড়ে যেতে থাকেন আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মীরা। দু-একজন ছাড়া সবাই রনজিত সরকারের নেতৃত্বে একাট্টা হয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।

এমপি রতন স্বতন্ত্র প্রার্থী হলেও নৌকার ভোট কমবে না বলে জানালেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার। তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন রতন ১৫ বছর এমপি থাকলেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার দূরত্ব অনেক। যার ফলে তিনি চার উপজেলায় দু-একজন জনবিচ্ছিন্ন পদসর্বস্ব নেতা ছাড়া আওয়ামী লীগের দ্বায়িত্বশীল কাউকে পাশে পাচ্ছেন না। এছাড়া আগে থেকেই তিনি বিভিন্ন দুর্নীতি ও ক্যাসিনোকাণ্ডে আলোচনায় ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সব মিলিয়ে একজন বিতর্কিত মানুষ তিনি। তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা তা নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই।

দীর্ঘদিন ধরে রতনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস বলেন, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক নৌকা। জাতীয় নির্বাচনে কোনো স্বতন্ত্র প্রার্থী নৌকার ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারবে বলে আমি মনে করি না। স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে মোয়াজ্জেম হোসেন রতন বলেন, নেত্রী সবার জন্য এবারের নির্বাচন উন্মুক্ত করেছেন। সেজন্য আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।


সিলেট প্রেস / ০৩ ডিসেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১২-০৩ ০১:১৯:০০