সোনাই নদী থেকে রাতে বালু উত্তোলন ঝুঁকিতে সেতু, বসতভিটা

  • প্রকাশের সময় : ০১/১২/২০২৩ ১২:৪৩:৪৮ PM

ছবি- সংগৃহীত

Share
55

ছাতক উপজেলার সীমান্তবর্তী সোনাই নদী থেকে আবারও রাতে বালু তোলা শুরু হয়েছে। কিছুদিন আগে প্রশাসনের চাপে নদী থেকে বালু তোলা বন্ধ রেখেছিল স্থানীয় প্রভাবশালীরা। অবৈধভাবে বালু তোলার কারণে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি হুমকির মুখে পড়েছে নদীর দুই পাড়ের বসতভিটা ও নির্মাণাধীন সেতু।

সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যে দিয়ে সোনাই নদী প্রবাহিত। স্থানীয়দের অভিযোগ, উভয় উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে বালু তুলছে একটি চক্র। বিশেষ করে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাংপাড়-নোয়াকোট এলাকায় নদী থেকে প্রতি রাতে হাজার হাজার ফুট বালু তোলা হচ্ছে।

নদীর পাড় থেকে বালু দ্রুত পরিবহনযোগে সরিয়ে ফেলা হয় সিলেটের কোম্পানীগঞ্জে। দ্রুত ও নির্বিঘ্নে বালু সরাতে চক্রটি ভেকু ও হাইড্রোলিক চালিত পেলোডার ব্যবহার করছে। এ ছাড়া এ কাজে বালুচক্রের সদস্যদের শতাধিক নিজস্ব ট্রাক্টরও রয়েছে। বিষয়টি মৌখিকভাবে থানা পুলিশকে একাধিকবার অবহিত করা হলেও, কোনো সুফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। 

ইসলামের নোয়াকুট গ্রামের বাসিন্দা শফিক মিয়া ও মো. কামালউদ্দিন জানান, সন্ধ্যা নামার পরপরই এখানে শুরু হয় বালুখেকোদের তাণ্ডব। ভোররাত পর্যন্ত নদী থেকে ড্রেজারে বালু তোলা হয়। পরে নদীর পাড় থেকে ট্রাক্টরে করে বালু কোম্পানীগঞ্জের দিকে নিয়ে যান বালু ব্যবসায়ীরা। এভাবে বালু তোলা অব্যাহত থাকলে নদীর উভয় পাড়ের বসতভিটা ভাঙনের কবলে পড়ার শঙ্কা রয়েছে। এ ছাড়া সোনাই নদীর ওপর নির্মাণাধীন সেতুটিও ঝুঁকির মুখে রয়েছে। তারা বলেন, অবৈধভাবে বালু তোলা চক্রটি স্থানীয়ভাবে প্রভাবশালী। সে কারণে এলাকাবাসী ওই চক্রের অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ বা বাধা দেওয়ার সাহস পাচ্ছে না। মাঝখানে কিছুদিন প্রশাসনের কঠোর অবস্থানের কারণে নদী থেকে বালু তোলা বন্ধ ছিল। কিন্তু বর্তমানে প্রশাসন নির্বাচনী কর্মকাণ্ডে ব্যস্ত থাকার সুযোগে নদী থেকে বালু তোলা চক্রটি আবারও সক্রিয় হয়ে উঠেছে। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নোয়াকোট গ্রামসংলগ্ন সোনাই নদী থেকে দুই উপজেলার কিছু লোক বালু তুলছে বলে তিনি জেনেছেন। পুলিশ ওই চক্রের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইসলাম উদ্দিন এ বিষয়ে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বালু ব্যবসায়ীদের অবৈধ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রেস / ০১ ডিসেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১২-০১ ১২:৪৩:৪৮