ছাতকে আধা কিলো সড়কে ৫ লাখের ভোগান্তি

  • প্রকাশের সময় : ২৫/১১/২০২৩ ১২:৩৪:৩৭ PM

ছাতকের নোয়ারাই এলাকার লাফার্জহোলসিম কারখানাসংলগ্ন ক্ষতিগ্রস্ত সড়ক

Share
58

সুনামগঞ্জের ছাতক পৌরসভার নোয়ারাই এলাকার লাফার্জহোলসিম কারখানাসংলগ্ন আধা কিলোমিটার বেহাল সড়কে ভোগান্তি পোহাতে হচ্ছে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার প্রায় ৫ লাখ মানুষকে। এ রাস্তায় তৈরি হয়েছে অসংখ্য গর্ত। সে সব গর্তে পানি জমে ভোগান্তি বেড়েছে বহুগুণ।

সড়কটি প্রায় এক যুগ আগে মেরামত হয়েছিল। এরপরও সীমাহীন দুর্ভোগ নিয়ে ভাঙাচোরা সড়কে প্রতিদিনই চলাচল করছে ছোট-বড় যানবাহন।

খোঁজ নিয়ে জানা যায়, পৌরসভার সুরমা নদীর উত্তর অংশে অবস্থিত ছাতকের লাফার্জ-হোলসিম কারখানা। ছাতক-দোয়ারাবাজার সড়কে কারখানার পশ্চিমে নোয়ারাই সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড পর্যন্ত বছরের পর বছর ধরে অবহেলিত প্রায় আধা কিলোমিটার সড়ক। এখান থেকে ছাতক পৌরসভার পাকা সড়ক শুরু হয়ে কারখানার ফেরিঘাটে মিলিত হয়েছে। এরপর সড়ক ও জনপথ বিভাগের ছাতক থেকে ১২ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক দোয়ারাবাজার উপজেলা সদরে গিয়ে শেষ হয়েছে। এর মাঝখানের প্রায় আধা কিলোমিটার লাফার্জ থেকে পশ্চিম নোয়ারাই অটোরিকশা স্ট্যান্ড পর্যন্ত সড়কটি এক যুগেরও বেশি সময় ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। ভাঙা এ সড়কে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়ন, পৌরসভা ও দোয়ারাবাজার উপজেলার সদর, সুরমা, লক্ষ্মীপুর, বোগলাবাজার, বাংলাবাজার ও নরসিংপুর ইউনিয়নের শত শত মানুষ প্রতিদিন নিয়মিত যাতায়াত করে থাকেন। পৌরসভা এবং সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষের টানাটানিতে সড়কটি হয়ে পড়েছে অভিভাবকহীন। এ সড়কটি মেরামত না করায় দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। এ নিয়ে সড়ক ও জনপথ বিভাগ বা পৌরসভা কারও যেন কোনো দায় নেই।

পশ্চিম নোয়ারাই অটোরিকশা স্ট্যান্ডের সাধারণ সম্পাদক মো. শাহজাহান জানান, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার তিন শতাধিক অটোরিকশা এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। অনেকবার এ রাস্তা মেরামতের দাবি জানানো হলেও কোনো কাজ হয়নি।

নোয়ারাই এলাকার বাসিন্দা শাহীন আহমেদ জানান, কয়েকদিন আগের বৃষ্টিতে রাস্তার ভাঙা জায়গাগুলোতে পানি জমেছে। এখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে সেজন্য। এভাবে চলাচল মুশকিল। দায়িত্ব নিয়ে কেউ এগিয়ে আসছে না সমস্যা সমাধানে। জলাবদ্ধতার কারণে জুতা খুলে হাতে নিয়ে হাঁটতে হয়।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ছাতকের উপবিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম জানান, ছাতকের লাফার্জ ফেরিঘাট থেকে দোয়ারাবাজার পর্যন্ত সওজের ১২ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে বর্তমান সুরমা সেতুর অংশ থেকে দোয়ারাবাজার পর্যন্ত কিছু অংশ ভেঙে গেছে। এ রাস্তাটির কাজ শিগগিরই শুরু হবে। এরইমধ্যে টেন্ডার হয়ে গেছে। তবে এ সড়কের লাফার্জের সামনে থেকে পশ্চিম নোয়ারাই অটোরিকশা স্ট্যান্ড পর্যন্ত এলাকা সওজের আওতাভুক্ত নয়। এ সড়কটি এলজিইডির আওতাধীন।

এলজিইডি’র ছাতক উপজেলার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি খোঁজ নেবেন। এটি যদি এলজিইডির আওতাভুক্ত হয় থাকে তবে দ্রুত সেটি মেরামতের জন্য কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হবে।


সিলেট প্রেস / ২৫ নভেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১১-২৫ ১২:৩৪:৩৭