কিছুদিনের মধ্যে মূল্যস্ফীতি আরও কমবে : সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী

  • প্রকাশের সময় : ০৫/১১/২০২৩ ০৯:৫৯:১৯ AM

ছবি-প্রতিনিধি

Share
48

সুনামগঞ্জ প্রতিনিধি :: আগামীতে সরকার মূল্যস্ফীতি আরও কমিয়ে আনবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নেই, তবে সরকার চেষ্টা করছে। আর ২০-২২ দিন পর ধান কাটা শুরু হলে মূল্যস্ফীতি কমতে শুরু হবে।’ 

রবিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি সব দেশেই আছে। প্রতিবেশী দেশ ভারতে বর্তমানে ৮ ভাগ ও ইংল্যান্ডে ৯ ভাগ মূল্যস্ফীতি আছে। তার মানে এই না যে, মন্দ দিয়ে ভালোর মূল্যায়ন করা যায় না। সরকারের মূল লক্ষ্য নিম্ন আয়ের মানুষ। সরকার এক থেকে দেড় কোটি নিম্ন আয়ের মানুষকে ন্যায্যমূল্যে খাবার দিচ্ছে। এই ন্যায্যমূল্যে খাবার বিতরণ করায় মূল্যস্ফীতির ছোবল নিচের দিকে থাকছে। এটা না হলে মূল্যস্ফীতি ১৫ থেকে ১৬ ভাগে উঠে যেত।’ 

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘আলু, ডিম নিয়ে কিছু লোক খেলা খেলতে চেয়েছিলেন, আমরাও খেলা খেলব, তবে আমরা খেলব বাজারে আলু, ডিম আমদানি করে।’

পরিকল্পনামন্ত্রী নির্বাচনের পরিবেশ নিয়ে বলেন, ‘নির্বাচনের পরিবেশ এখনো শতভাগ তৈরি হয়নি, তবে সময়মতোই দেশে জনগণের নির্বাচন জোয়ার বইবে। হরতাল-অবরোধের কারণে দেশে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। যারা এমন কর্মসূচি দিচ্ছে, তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে। জাতির পায়ে কুড়াল মারছে। অতীতেও কিছু মানুষ এমন অপকর্মের চেষ্টা করেছে, কিন্তু কিছুই করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। লড়াই-সংগ্রাম করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। দরকার হলে আবারও দেশের মানুষ সংগ্রাম করে উন্নয়নের সরকার শেখ হাসিনাকে এগিয়ে নিয়ে যাবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা. শামস উদ্দিন আহমেদ, সিভিল সার্জন আহমদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ।


সিলেট প্রেস / ০৫ নভেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১১-০৫ ০৯:৫৯:১৯