সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়ন এর নূরপুর গ্রামের সুরমা নদীতে চলতি নৌকায় চাঁদাবাজির সময় ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে আটককৃতরা হলেন, সাচনা বাজার ইউনিয়ন এর দুর্লভপুর গ্রামের মৃত সমিজ আলির ছেলে মো: শাজাহান মিয়া, সিরাজ আলির ছেলে নূর আলম, মৃত আবুল হোসেনের ছেলে মো: অভি, মৃত হাজী আব্দুল জব্বারের ছেলে ইউনুছ আলি, একই ইউনিয়নের নূরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো: তোফাজ্জল। এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত নৌপথে সরকারি বিধিমালা অমান্য করে চলন্ত নৌকায় চাঁদাবাজি করে আসছিলেন তারা। এবিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে আসছিলেন গণমাধ্যম কর্মীগণ। তারই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ থানার এসআই মোঃ আলমগীর হোসেন সহ সঙ্গীয় ফোর্স।
এব্যাপারে মো: মাসুদ রানা জানান, সরকারি বিধিমালা উপেক্ষা করে ইজারাদার চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হউক কাউকে চার দেওয়া হবে না।
অপরদিকে দুর্লভপুর ও গজারিয়ায় ঘাটে তৃতীয় লিঙ্গের হিজরা সম্প্রদায় নৌপথে চাঁদাবাজি না করতে পরামর্শ প্রদান করেন। চাঁদাবাজি বন্ধ করলে তাদের পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। অন্যথায় সরকারি নির্দেশ অমান্য করে চাঁদাবাজি করলে কঠোর ভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















