হবিগঞ্জের মাধবপুরে উপজেলার সাহেব নগর এলাকায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে মোঃ আলম মিয়া (৩৫) নামে গাড়ির হেলপার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সাহেব নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার কালিসিমা গ্রামের মোঃ ফরিদ মিয়ার ছেলে। সে ওই গাড়ি হেলপার হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানান, সিলেটগামী ছোট কভার ভ্যান ঢাকা মেট্রো ম-১৪-০১১৩ নাম্বারের বিস্কুট কোম্পানির দ্রুত গতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ড্রাইভিং সিটে থাকা হেলপার আলম মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় আলম মিয়াকে উদ্বার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি (ইনচার্জ) এস আই ইউনুছ আলী বিষয় টি নিশ্চিত করে বলেন মরদেহের সুরতহাল রিপোর্টের প্রক্রিয়া চলছে। গাড়িটি তাদের হেফাজতে রয়েছে।




















