মধ্যনগরে আপন বোনকে হত্যার চেষ্টা, ভাই আটক

  • প্রকাশের সময় : ২৮/১০/২০২৩ ০৩:৫০:০৬ AM

ছবি- প্রতীকী

Share
43

সুনামগঞ্জের মধ্যনগরে পারিবারিক কলহ ও পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আপন ছোট বোনকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে বড় ভাই গোলাম মোস্তফাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার দুপুরে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের ভোলাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ছোট বোন হনুফা আক্তারকে উদ্ধার করে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয়রা জানান, গোলাম মোস্তফা ও হনুফা আক্তার ভোলাগঞ্জ গ্রামের মৃত আবদুল খালেকের সন্তান। তাহেরপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামে হনুফার শ্বশুরবাড়ি। মোস্তফা তার বোন হনুফার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ভাইবোনের দ্বন্দ্বের সৃষ্টি হয়। হনুফা টাকা ফেরত চাইতেই মোস্তফা উত্তেজিত হয়ে হনুফাকে দা দিয়ে গলা কেটে  হত্যা করার চেষ্টা চালায়। এ সময় আশপাশের লোকজন হনুফাকে উদ্ধার করে এবং মোস্তফাকে আটক করে পুলিশের সোপর্দ করে।

মধ্যনগর থানার এসআই শামীম আল মামুন জানান, মোস্তফাকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।


সিলেট প্রেস / ২৮ অক্টোবর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১০-২৮ ০৩:৫০:০৬